সমর বিশ্বাস : গত ২৩ মে গোবরডাঙা সেবা ফার্মস সমিতির সভা কক্ষে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে মহাসমারোহে প্রকাশিত হয় অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট কবি অলকানন্দ বসুর কাব্যগ্রন্থ তিলত্তমা।

এদিনের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন বর্ষীয়ান শিক্ষক ও সমাজকর্মী কালিপদ সরকার (সভাপতি), সাংবাদিক সরোজ কান্তি চক্রবর্তী, কবি আসিম কান্তি হীরা, প্রখ্যাত সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস, বিশিষ্ট গবেষক বাসুদেব মুখোপাধ্যায়, কবি গৌরাঙ্গ দাস প্রমুখ।

শিক্ষক অলকানন্দ বসু সকলকে অভিনন্দন জানান, সেবা সমিতির সভাপতি সংস্কৃতিপ্রেমী হিমাদ্রী গোমস্তা সমবেত সকলকে স্বাগত জানিয়ে আয়োজিত অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে আয়োজিত গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন প্রবীর কুমার হালদার। নৃত্য পরিবেশন করেন কবি কন্যা শুভেচ্ছা বসু।

অনুষ্ঠানের সভাপতি কালিপদবাবু তিলোত্তমা’র মোড়ক উন্মোচন করে গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন। স্বনামধন্য সাহিত্যিক ঋতুপর্ণবাবু, আশিস কান্তি হীরা প্রমুখ বিশিষ্টজন গ্রন্থটির বিভিন্ন কবিতার উল্লেখ করে লেখকের মুন্সিয়ানা তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন।

গ্রন্থকার অলকানন্দবাবু জানান, প্রকাশিত তিলোত্তমা কাব্যগ্রন্থটি তাঁর পঞ্চম কাব্যগ্রন্থ। গ্রন্থটিতে ৬২ টি কবিতা স্থান পেয়েছে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘সবুজ সাথী’ ২০০৯ সালের নভেম্বরে প্রকাশিত হয়। উপস্থিত সকলেই অলকানন্দবাবুর কাব্য প্রতিভার ভূয়সী প্রশংসা করেন।

এদিনের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি সাহিত্যিকগণ স্বরচিত কবিতা পাঠ ও রচনা পাঠে অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় বাসুদেব মুখোপাধ্যায়ের মুন্সিয়ানা প্রশংসনীয়।


















Leave a Reply