তেঘরিয়া ছাত্র বীথির বার্ষিক উৎসবে রক্তদান ও নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মত এবারও নানা কর্মসূচী ও অনুষ্ঠানের আয়োজন করে গাইঘাটার তেঘরিয়া ছায়াবীথি ফাউন্ডেশনের সদস্যগণ। গত ১২ এপ্রিল গাজনা বাজারের সংস্থা প্রাঙ্গনে বিশিষ্ট সংগীত শিল্পী অতনু ঘোষের গাওয়া সংগীতের মধ্য দিয়ে দিনভর আয়োজিত নানা অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন বর্ষিয়ান শিক্ষক ও সমাজকর্মী কালিপদ সরকার, অবসরপ্রাপ্তা শিক্ষিকা রেবারানী সরকার, তরুণ তীর্থের রাজ্য সম্পাদক ভাস্কর বসু শিক্ষক দিব্যেন্দু বিশ্বাস, সমাজসেবি হারান চন্দ্র মন্ডল,

ডঃ শাজাহান মন্ডল, শিক্ষিকা পৌষালী চক্রবর্তী, চন্দ্রশেখর মন্ডল, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান পম্পা পাল, সদস্য মৃগেন্দ্রনাথ সাহা, পঞ্চায়েত সমিতির সদস্য টুকু চক্রবর্তী, শিক্ষা বন্ধু মিলন কান্তি সাহা, অশোক রায় প্রমূখ।

ক্লাব সম্পাদক অর্ঘ্য সাহা আগত সকলকে স্বাগত জানান। সকল বিশিষ্টজনদের বরণ করে নেওয়া হয়।এদিনের আয়োজিত স্বাস্থ্য শিবিরে সকাল থেকেই এলাকার মানুষজন বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা ইসিজি ও প্যাথলজিক্যাল টেস্ট করান।

বিশিষ্ট চিকিৎসক ডাঃ পাভেল মিত্র, ডাঃ দেবাশিস মন্ডল, ডাঃ আর কে বিশ্বাস, ডাঃ এন সি কর, ডাঃ নজরুল ইসলাম মন্ডল, ডাঃ সুস্মিতা হালদার প্রমুখ চিকিৎসকগণ স্বাস্থ্য শিবিরের আগত রোগীদের বিনা পারিশ্রমিকে স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

ছাত্র বিথির পক্ষ থেকে চিকিৎসক সহ সকল বিশিষ্টজনদের ‘সমাজ রত্ন’ সম্মানে ভূষিত করা হয়। সেই সঙ্গে গাইঘাটা সহ গোবরডাঙ্গার কয়েকটি স্কুলে বিগত বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ মার্কস প্রাপ্ত শিক্ষার্থীগণকে ‘ভবিষ্যতের কান্ডারী’ সম্মাননা জ্ঞাপন করা হয়।

এলাকার দুস্থ পরিবারের ৪০ জন পড়ুয়ার হাতে খাতা, পেন, জ্যামিতি বক্স ইত্যাদি শিক্ষা সামগ্রী প্রদান করে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত সকলে অর্ঘ্য দে’র ছায়াবীথি ফাউন্ডেশন এর এই মহতী উদ্যোগ এবং অন্যান্য পরিষেবা প্রদানের প্রশংসা করে বক্তব্য রাখেন।

তেঘরিয়া ছায়াবীথি আয়োজিত এদিনের রক্তদান শিবিরে বারাসাত মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ব্লাড ব্যাংক এর চিকিৎসক ও কর্মীগণ ৩৯ জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন।

প্রথম রক্ত দাতা বিজন সাহাকে উদ্যোক্তারা ‘সেবা রত্ন’ স্মারক উপহারে অভিনন্দন জানান। উদ্যোক্তা ও রক্ত দাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শিবিরে আসেন আসন্ন বিধানসভা নির্বাচনের গাইঘাটা কেন্দ্রের দুই প্রার্থী সুব্রত ঠাকুর ও নরোত্তম বিশ্বাস।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় ছায়াবীথির সদস্যগণের এই মহতী উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন। স্কুল ছাত্রী শ্রেয়া রায় এর ক্যারাটে প্রদর্শন সকলের প্রশংসা লাভ করে। সন্ধ্যায় সুসজ্জিত মঞ্চে সংগীত, আবৃত্তি ও নৃত্যের অনুষ্ঠান শেষে নাটকের শহর গোবরডাঙ্গার নাট্যায়ন

নাট্য দলের দেশাত্মবোধক নাটক ‘অগ্নি যোদ্ধা অনিল’ দর্শক সাধারনের মনোরঞ্জন করে। বহু সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজিত এদিন সমগ্র অনুষ্ঠান ও কর্মসূচী সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *