আনুলিয়ায় রবীন্দ্রস্মরণ, প্রকাশিত হল চারটি নতুন গ্রন্থ

পারফেক্ট টাইম নিউজ ডেস্ক, রানাঘাট : বাইশে শ্রাবণে রবীন্দ্র প্রয়াণ দিবস উপলক্ষে রানাঘাট আনুলিয়ার গোপীনাথ জোয়ারদার মেমোরিয়াল হলে গতকাল এক সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মফঃস্বল বাংলা শিল্প ও সংস্কৃতি একাডেমি ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল রবীন্দ্রস্মরণ, স্বরচিত কবিতা পাঠ এবং গ্রন্থ প্রকাশ।

অনুষ্ঠানের সূচনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, স্বরচিত কবিতা পাঠ। এদিন রবীন্দ্রসাহিত্য ও রবীন্দ্র ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন রবীন্দ্র গবেষক ডঃ শুভদীপ বন্দ্যোপাধ্যায়, প্রাবন্ধিক মিহির কুমার রায়, কবি অনিল চন্দ্র শিকদার এবং কবি তাপস মিত্র-সহ অন্যান্য বিশিষ্টজন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গ্রন্থ প্রকাশ। ট্রাস্টের প্রকাশনা থেকে এদিন তিনটি উপন্যাস এবং একটি সমালোচনা গ্রন্থ প্রকাশিত হয়। সাহিত্যচর্চা ও প্রকাশনার এই উদ্যোগ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্দ্রাণী ঘোষ। ট্রাস্টের সভাপতি কবি হরিসাধন জোয়ারদারের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত বহু মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *