পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বিধানসভার হেলেঞ্চায় উষ্ণ সংবর্ধনায় ভূষিত হলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। ওয়েস্ট বেঙ্গল এম. আর. ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে খাদ্যবণ্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রীকে ঘিরে সংগঠনের সদস্য ও রেশন ডিলারদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে খাদ্যমন্ত্রীর হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।

একই সঙ্গে সাধারণ মানুষের কাছে রেশন পরিষেবা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডিলারদের ভূমিকা এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়েও আলোচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া রেশন ব্যবস্থাকে জনকল্যাণ মূলক পরিষেবার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে তুলে ধরেন। খাদ্য-শষ্য বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা, প্রকৃত উপভোক্তাদের কাছে নির্দিষ্ট সময়ে প্রাপ্য খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া এবং পরিষেবার মান আরও উন্নত করার উপর গুরুত্ব আরোপ করা হয় বলে জানা যায়।

অন্যদিকে, এম. আর. ডিলার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তাঁদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, প্রশাসনিক জটিলতা এবং রেশন পরিষেবা পরিচালনার ক্ষেত্রে মাঠপর্যায়ে যে সমস্ত সমস্যার মুখোমুখি হতে হয়, সেগুলি মন্ত্রীর সামনে তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সরকারের সঙ্গে সমন্বয় রেখে রেশন ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করে তোলা সম্ভব হবে। সীমান্তবর্তী বাগদা বিধানসভার হেলেঞ্চায় এই ধরনের বৈঠক ও সংবর্ধনা অনুষ্ঠানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

কারণ, খাদ্যবণ্টন ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত ডিলারদের সঙ্গে সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সরাসরি মতবিনিময় হলে পরিষেবার বাস্তব সমস্যা চিহ্নিত করার পাশাপাশি তার দ্রুত সমাধানের পথও সুগম হতে পারে। অনুষ্ঠান ঘিরে এম. আর. ডিলারদের মধ্যে যেমন উৎসাহ লক্ষ্য করা যায়, তেমনই সাধারণ মানুষের স্বার্থে রেশন পরিষেবাকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জনমুখী করার প্রত্যাশাও উঠে আসে।




















Leave a Reply