চাঁদপাড়ায় রেলের উচ্ছেদ নোটিশ, প্রতিবাদে সভা ও– মিছিল দোকানিদের

নীরেশ ভৌমিক : সম্প্রতি চাঁদপাড়া রেল স্টেশনের দুটি প্ল্যাটফর্ম ও নর্থ কেবিন থেকে সাউথ কেবিন বা ঢাকুরিয়া কালীবাড়ি মন্দির পর্যন্ত এলাকার সমস্ত দোকানপাট, পার্টি অফিস ক্লাব ঘর ইত্যাদি আগামী ১১ জুনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ জারি করেছে রেল কর্তৃপক্ষ।

সম্প্রতি রেল পুলিশ চাঁদপাড়া স্টেশন এলাকার বিভিন্ন দোকান ও ব্যবসায়ি প্রতিষ্ঠানে এই মর্মে উচ্ছেদ নোটিশ লাগিয়ে দিয়ে যায়।এই উচ্ছেদ নোটিশ দেখতে পেয়ে চিন্তান্বিত স্টেশন ও দুটি রেল বাজারের সমস্ত দোকানিরা।

তাঁরা গত ২৪ মে স্টেশন সংলগ্ন সোনালী ক্লাব প্রাঙ্গণে এক সভায় মিলিত হন। সকলে রেল কর্তৃপক্ষের এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন। গঠিত হয় সংগ্রামী হকার ঐক্যমঞ্চ।

দাবি ওঠে, বিকল্প ব্যবস্থা ছাড়া কোনপ্রকার উচ্ছেদ চলবে না।নবগঠিত কমিটির আহ্বানে স্টেশন ও রেল-বাজার ব্যবসায়িগন প্রতিবাদ মিছিলের ডাক দেন। ২৭ মে কয়েকশো দোকানি ও তাঁদের পরিবারের মানুষজন মিছিলে অংশ নেন।

ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে স্লোগানে মিছিলকারীরা স্টেশন এলাকা পরিক্রমা করে। মিছিলের পুরোভাগে ছিলেন কমিটির অন্যতম সদস্য বরিষ্ঠ কংগ্রেস নেতা শান্তিময় চক্রবর্তী,

সিপিআইএম নেতা কপিল ঘোষ, দিলীপ রায়, ময়ূখ মন্ডল, সিটু নেতা কৃষ্ণ চৌধুরী, বিধান দাস, ব্যবসায়ি জয়দেব বর্ধন, স্বপন দে, সিপিআই এম এল নেতা কৃষ্ণ প্রামাণিক প্রমুখ।

মিছিল শেষে নেতৃত্ববৃন্দ চাঁদপাড়া স্টেশন মাস্টারের নিকট দাবিপত্র পেশ করেন। অন্যতম নেতৃত্ব কৃষ্ণ চৌধুরী জানান, তাঁরা স্থানীয় সাংসদ ও বিধায়কের নিকট ও স্মারকলিপি দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *