পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : নাম সংকীর্তন প্রচারের সময় এক বৈষ্ণব সাধক প্রত্যক্ষ করছিলেন – তাঁর মধ্যেই মিশে যাচ্ছেন নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু। সেই ভাদুড়ি মহাশয়ের শেষ জীবনের সাধন ভূমি কলকাতার রামমোহন রায় রোডস্থিত নগেন্দ্র মঠে গতকাল সন্ধ্যায় নিত্যানন্দ প্রভুর শক্তি জাহ্নবা দেবীর জন্মতিথি স্মরণে এক স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানটি আয়োজিত হয় সনাতন ধর্ম প্রচারিণী সভা, নগেন্দ্র মঠ ও নগেন্দ্র মিশনের উদ্যোগে। গতকাল সন্ধ্যায় নিত্য পুজোর পর কর্মসূচির সূচনায় ছিল নিত্য প্রার্থনা এবং সঙ্গীতানুষ্ঠান। পরে অনুষ্ঠিত হয় বৈষ্ণব আন্দোলনে জাহ্নবা দেবীর ভূমিকা এবং আধ্যাত্মিক উত্তরাধিকার নিয়ে আলোচনা সভা। এই অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন রাজা মুখোপাধ্যায় ও মঠের আবাসিক ছাত্র শেখর মণ্ডল। এছাড়াও দীনবন্ধু দাস সঙ্গীত পরিবেশন এবং আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন পুরাণ গবেষক ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়।

তিনি তাঁর বক্তব্যে বঙ্গে বৈষ্ণব ভক্তি ধারার বিকাশে জাহ্নবা দেবী ও ভাদুড়ি মহাশয়ের অবদানের কথা তুলে ধরেন। উল্লেখ্য, ভাদুড়ি মহাশয় সনাতন ধর্ম প্রচারিণী সভার পক্ষ থেকে প্রতি শুক্রবার ও রবিবার নিয়মিত আলোচনা সভার আয়োজন করতেন, যার উদ্দেশ্য ছিল সনাতন ধর্মের প্রচার ও প্রসার। সেই ধারাবাহিকতা স্মরণে রেখেই এই স্মারক অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও সুষ্ঠু পরিচালনার দায়িত্বে ছিলেন ড. রবীন্দ্রনাথ কর, দেবাশিস বসু এবং সঞ্জয় ভট্টাচার্য। তাঁদের উদ্যোগেই অনুষ্ঠানটি সার্থকভাবে সম্পন্ন হয়।




















Leave a Reply