বাগদায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ অটো ইউনিয়নের নেতা-কর্মীদের, গেরুয়া আবিরে ‘পদ্ম-উৎসব’

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রাজ্যে রাজনৈতিক পালাবদলের ঠিক পরদিনই বাগদায় দেখা গেল এক ঐতিহাসিক দৃশ্য। সোমবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফলাফলে রাজ্যের ক্ষমতা দখল করেছে বিজেপি—আর সেই আবহে বাগদা অটো ইউনিয়নের নেতা-কর্মীরা তৃণমূলের পতাকা ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়ে কার্যত রাজনৈতিক চমক সৃষ্টি করলেন।সোমবার দুপুরে বাগদা পুরাতন বাজার প্রতীক্ষালয় প্রাঙ্গণে অটো ইউনিয়নের অস্থায়ী কার্য্যালয়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

সেখানে তৃণমূলের উর্দি ছেড়ে হাতে বিজেপির পতাকা তুলে নিয়ে গেরুয়া আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যেই তা যেন উৎসবের চেহারা নেয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাগদার বহু অটো চালক ও ইউনিয়নের নেত-কর্মীরা প্রকাশ্যেই তৃণমূলের দলীয় পতাকা নামিয়ে রেখে স্থানীয় বিজেপি নেতৃত্বের হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করেন। এরপর ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে প্রতীক্ষালয় চত্বর।

অটো ইউনিয়নের একাংশের বক্তব্য, “দীর্ঘদিন ধরে তারা নাকি নানা সমস্যার সম্মুখীন হয়েছে। তাদের প্রত্যাশা পূরণ হয়নি। রাজ্যে পরিবর্তন এসেছে, তারাও উন্নয়নের পথে হাঁটতে চাই। তাই বিজেপির পতাকা হাতে নিলেন।”অন্যদিকে বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, “এটা শুধু যোগদান নয়, এটা মানুষের জাগরণ। শ্রমজীবী মানুষেরা বুঝে গেছেন কার হাতে রাজ্যের ভবিষ্যৎ নিরাপদ।

তাই বাগদার অটো চালকেরা স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সঙ্গে যুক্ত হয়ে প্রমাণ করলেন, পরিবর্তনের স্রোত আসলে থামানো যাবে না।”এদিন অটো ইউনিয়নের নেতা-কর্মীদের যোগদানে বাগদার রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে। ভোট-পরবর্তী পরিস্থিতিতে তৃণমূল শিবিরে এই ঘটনা বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সব মিলিয়ে রাজ্যে বিজেপির ক্ষমতা দখলের পর বাগদায় অটো ইউনিয়নের এই পদ্ম-উৎসব যেন রাজনৈতিক পালাবদলের আগুনে নতুন করে ঘি ঢালল। গেরুয়া আবিরে রাঙা বাগদা পুরাতন বাজার প্রতীক্ষালয় চত্বর সাক্ষী থাকল এক নতুন অধ্যায়ের সূচনা লগ্নের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *