প্রাক্তন সৈনিকদের কল্যাণে ঠাকুরনগরে ‘স্পর্শর’ প্রতিষ্ঠানের যাত্রা শুরু

নীরেশ ভৌমিক : জেলার প্রাক্তন সৈনিকদের কল্যাণে গত মঙ্গলবার ঠাকুরনগরে প্রতিষ্ঠিত হল স্পর্শ সার্ভিস সেন্টার। এদিন দুপুরে ঠাকুরনগরের শিমুলপুরের হরিচাঁদ পল্লীতে প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে নবনির্মিত স্পর্শ ভবনের উদ্বোধন করেন,

প্রিন্সিপাল কন্ট্রোলার অফ ডিফেন্স অ্যাকাউন্ট, কলকাতা (পি. সি. ডি. এ.)রমেন্দ্রনাথ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর,

প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতির সভাপতি মনোরঞ্জন মন্ডল, কার্যকরি সভাপতি প্রাক্তন বায়ুসেনা আধিকারিক কালিদাস বণিক, জেলা সৈনিক বোর্ডের সম্পাদক অমিত কুমার পাল, অতিরিক্ত সি ডি এ অমৃতা পান্ডা, ছিলেন সংগঠনের অন্যতম পদাধিকারী শ্যামল কান্তি বিশ্বাস প্রমুখ।

সৈনিক কন্যা পারমিতা ও মৌসুমী বিশ্বাস, দেবী বলা আগত সকল বিশিষ্টজনদের ব্যাজ ও পুষ্পস্তবকে বরণ করে নেন। স্বাগত ভাষণে সংগঠনের সভাপতি মনোরঞ্জন মন্ডল অবসরপ্রাপ্ত সৈনিক ও তাঁদের

পরিবার-পরিজনদের কল্যাণে স্পর্শ প্রতিষ্ঠানটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। প্রাক্তন সৈনিকদের সার্বিক কল্যাণে ঠাকুরনগরে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় সরকারের এই কার্যালয়টি জেলার অগণিত প্রাক্তন সৈনিকদের কল্যাণে কাজ করবে।

সংগঠনের অন্যতম কর্ণধার কালিদাস বণিক জানান, মাত্র ১০ জন অবসরপ্রাপ্ত সৈনিককে নিয়ে ১৯৮৭ সালে ঠাকুরনগরে এই প্রতিষ্ঠান গড়ে ওঠে।

ঠাকুরনগরের রূপকার প্রয়াত প্রমথ রঞ্জন ঠাকুরের জন্মের ১২৫ তম বছর পদার্পনে প্রাক্তন সৈনিকদের কল্যাণে এখানে স্পর্শ প্রতিষ্ঠিত হওয়ায় কালিদাস বাবু সন্তোষ প্রকাশ করেন।

দেশরক্ষা ও দেশের জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, সর্বদা তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিধায়ক সুব্রত ঠাকুর। প্রাক্তন সৈনিক বিপ্লব অধিকারীর সুচারু সঞ্চালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *