গাইঘাটার মিশন তপোবনে ধ্যান-যোগ ও বৃক্ষচারা বিতরণ

নীরেশ ভৌমিক : দেশের ৮০ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে গত ১৪ আগস্ট এক ধ্যান ও যোগাসন এবং সেই সাথে বৃক্ষচারা প্রদান কর্মসূচীর আয়োজন করে গাইঘাটার ডেওপুলের মিশন তপোবন কর্তৃপক্ষ। এই কর্মসূচীকে সার্থক করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সদস্যগণ।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রহ্মকুমারী প্রতিষ্ঠানের প্রতিনিধি শীলা নন্দী, পাপিয়া দাস, শঙ্কর সাহা, বিভাষ দাস, শুভঙ্কর ঘোষ, শিক্ষক পিন্টু সমাদ্দার প্রমুখ।

মিশন তপোবনের প্রাণপুরুষ সুভাষবাবু সকলকে স্বাগত জানান এবং সেই সাথে রুদ্রাক্ষের মালা ও গীতা পুস্তক আগত বিশিষ্টজনদের হাতে তুলে দেন। প্রজাপিতা ব্রহ্মকুমারীর প্রতিনিধিগণ সমবেত মিশন স্কুলের শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সামনে বলেন সুন্দর ভারত, উজ্জ্বল ভারত ও শক্তিশালী ভারত গড়ে তুলতে মনকে নির্মল করে দেশের ও দশের সেবায় অগ্রণী হতে হবে।

সেই সাথে ৬–২০ আগস্ট ‘নেশামুক্ত ভারত অভিযান’ গড়ে তুলতে সবরকম মাদক সেবন এবং মোবাইলের যথেচ্ছ ব্যবহার বন্ধ করার আহ্বান জানান। বক্তব্য শেষে সমবেত ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ ধ্যান ও যোগাসনে অংশগ্রহণ করেন।

এদিনের অনুষ্ঠানে বাগদার শম্পা সাহা ও পরিমল সাহা উপস্থিত পড়ুয়াদের হাতে কলম, ক্যাডবেরি ও স্কুল ব্যাগ তুলে দিয়ে শুভেচ্ছা জানান। শম্পা দেবীর উদ্যোগে এবং শঙ্কর সাহা ও শুভঙ্কর ঘোষের সহযোগিতায় সকলকে মধ্যাহ্ন ভোজনে আপ্যায়িত করা হয়।

পরিশেষে মিশন তপোবনের পক্ষ থেকে সুভাষবাবু, প্রণব পাল উপস্থিত সকলের হাতে চন্দন সহ বিভিন্ন ভেষজ ও ফলগাছের চারা তুলে দেন। পরিবেশকে স্বচ্ছ-নির্মল ও দূষণমুক্ত করে তুলতে মিশন তপোবনের এই মহতী উদ্যোগকে সকলে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *