এম আর ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাগদার বিধায়ক সোমা ঠাকুরকে সংবর্ধনা

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকের এম আর ডিলারদের উদ্যোগে সৌহার্দ্য ও সম্মানের আবহে সংবর্ধিত হলেন বাগদার বিধায়ক সোমা ঠাকুর। ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশন, বাগদা ব্লক শাখার উদ্যোগে হেলেঞ্চা কো-অপারেটিভ ব্যাংকের মিটিং হলে আয়োজিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।

দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিধায়ক সোমা ঠাকুর প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের মূল পর্বে বাগদা ব্লকের এম আর ডিলাররা বিধায়ককে উত্তরীয় পরিয়ে, মোমেন্টো ও ফুলের তোড়া দিয়ে আন্তরিকভাবে সংবর্ধনা জানান।

অনুষ্ঠানে বক্তারা এম আর ডিলারদের বিভিন্ন সমস্যা, তাঁদের পরিষেবা প্রদান এবং সাধারণ মানুষের কাছে খাদ্যশস্য সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, সরকারি খাদ্য সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এম আর ডিলারদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তাই প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানের উপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলেঞ্চা কো-অপারেটিভ ব্যাংকের ম্যানেজার সত্য মোদক, সমাজ সেবক দিবাকর তরফদার-সহ এম আর ডিলার অ্যাসোসিয়েশনের বিভিন্ন নেতৃত্ব ও সদস্যরা।

সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এম আর ডিলারদের মধ্যে ছিল উৎসাহ ও আন্তরিকতার আবহ। অনুষ্ঠানের মধ্য দিয়ে জনপ্রতিনিধি ও রেশন ডিলারদের মধ্যে আরও নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের বার্তাও উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *