গাইঘাটার দিকে-দিকে উদযাপিত রাখীবন্ধন উৎসব

নীরেশ ভৌমিক : সারা দেশের সাথে গাইঘাটা ব্লকেও সাড়ম্বরে উদযাপিত হল রাখী-বন্ধন উৎসব। সরকারি ও বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসবে বিভিন্ন ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, নাট্যদল, ব্লক কার্যালয়, যুবকল্যাণ দপ্তর এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে রাখীবন্ধন উৎসব মহাসমারোহে পালিত হয়।

২৮ আগস্ট রাখীবন্ধন উৎসবের সকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) চাঁদপাড়া খণ্ডের সদস্যগণ দলবেঁধে গাইঘাটা থানা, ঠাকুরনগর হাসপাতাল সহ ব্লকের বিভিন্ন এলাকায় যান এবং গ্রামবাসী মানুষদের হাতে সৌভাতৃত্বের রাখী পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে অঞ্চল প্রধান দীপক দাসের নেতৃত্বে পঞ্চায়েত সদস্য-সদস্যাগণ পথচলতি মানুষদের হাতে রাখী পরান।

প্রধান দীপক বাবুর হাতে রাখী পরিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বিজেপি নেতা বিনয় দাস।চাঁদপাড়া বাস স্ট্যান্ডে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এবং দলের যুব নেতা অভিজিৎ বিশ্বাস ও দিলীপ বিশ্বাস প্রমুখের নেতৃত্বে মর্যাদা সহকারে রাখীবন্ধন উৎসব পালন করা হয়।

বাস স্ট্যান্ড পার্শ্বস্থ অঙ্গনে সেচ্ছাসেবী সংস্থা ‘নীল আকাশ’ এর তরুণ সদস্য-সদস্যাগন জাতীয় সড়ক যশোহর রোডে যাতায়াতকারী মানুষজনদের হাতে সম্প্রীতির রাখী পরিয়ে শুভেচ্ছা জানান। চাঁদপাড়া-ঠাকুরনগর সড়কে ঢাকুরিয়া সবুজ সঙ্ঘের সদস্যগণ এবারও সাড়ম্বরে রাখীবন্ধন উৎসবের আয়োজন করেন।

ক্লাব সভাপতি রামশংকর রায় ক্লাব সংলগ্ন হনুমান মন্দিরে বীর হনুমানজীর মূর্তিতে ফুল-মালা এবং হনুমানজীর হাতে রাখী পরিয়ে সঙ্ঘ আয়োজিত রাখী বন্ধন উৎসবের সূচনা করেন।

ক্লাবের সদস্য-সদস্যাগণ পথচলতি মানুষজনের হাতে রাখী এবং চকলেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান। গাইঘাটা ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি ও যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে ও ব্যবস্থাপনায় মর্যাদা সহকারে রাখী বন্ধন উৎসব পালন করা হয়।

ব্লক কার্যালয় সম্মুখস্থ জাতীয় সড়কে যাতায়াতকারী মানুষদের হাতে রাখী পরানো হয় এবং সকলের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। রাখী বন্ধন উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতায় শ’খানেক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

চাঁদপাড়ার অন্যতম সাংস্কৃতিক সংস্থা কলরব এবং ঠাকুরনগরের ঐতিহ্যবাহী চলন্তিকা শিক্ষা ও সংস্কৃতিক প্রতিষ্ঠান ও গাইঘাটার রামকৃষ্ণ সেবাশ্রমেও মহাসমারোহে রাখী বন্ধন উৎসব পালন করা হয়।

অন্যদিকে এদিন নাটকের শহর গোবরডাঙার ঐতিহ্যবাহী নাট্যদল নাবিক নাট্যম, মৃদঙ্গম, আমার প্রয়াস, চিরন্তন, রবীন্দ্র নাট্য সংস্থা মর্যাদা সহকারে রাখীবন্ধন উৎসব সঙ্গীত, নৃত্য, আবৃত্তির মধ্য দিয়ে পালন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর।এদিনের রাখী বন্ধন উৎসবকে ঘিরে এলাকাবাসীর মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *