বিশ্ব উষ্ণায়নের মোকাবিলায় বৃক্ষরোপণ, চারা গাছ লাগালেন বাগদার বিধায়িকা সোমা ঠাকুর

পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : বিশ্ব উষ্ণায়নের ক্রমবর্ধমান প্রভাব থেকে পরিবেশকে রক্ষা এবং সবুজায়নের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল বাগদা ব্লক কাঠ ব্যবসায়ী সমিতি। সমিতির উদ্যোগে আয়োজিত হয় চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগদার বিধায়িকা সোমা ঠাকুর।

হেলেঞ্চার ত্রিকোণ পার্কে বিধায়িকা নিজে চারা গাছ রোপণ করেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও চারা গাছ বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান বিধায়িকা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সোমা ঠাকুর গাছের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেন। তিনি বলেন, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। শুধু চারা গাছ লাগালেই হবে না, সেই গাছের নিয়মিত পরিচর্যা করে তাকে বড় করে তোলার দায়িত্বও সকলের।

এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি হেলেঞ্চা বালিকা উচ্চ বিদ্যালয় এবং হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় (বয়েজ)-এর ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিল। পড়ুয়াদের অংশগ্রহণের মধ্য দিয়ে পরিবেশ রক্ষার বার্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষার স্বার্থে আগামী দিনেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ও চারা বিতরণ অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

পরিবেশ রক্ষার এই উদ্যোগে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই ভবিষ্যতে বাগদাকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *