গোবরডাঙায় মীনমঙ্গল উৎসবে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বান

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও বৃহত্তর গোবরডাঙা সুরক্ষা সমিতি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে মীনমঙ্গল উৎসবের আয়োজন করে। গত ৮-৯ই সেপ্টেম্বর আয়োজিত উৎসবে মেদিয়া সহ বৃহত্তর গোবরডাঙা এলাকার বিভিন্ন ক্লাব, সংগঠন এবং সেই সঙ্গে বহু সাধারণ মানুষ ও অংশগ্রহণ করেন।

উৎসব কমিটির অন্যতম কর্ণধার বিশিষ্ট পরিবেশ প্রেমী ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমার দাঁ বলেন, মীনমঙ্গল উৎসব হচ্ছে সামগ্রিক পরিবেশ চেতনা গড়ে তোলার হাতিয়ার। মাছকে কেন্দ্র করে হলেও আয়োজিত উৎসবের উদ্দেশ্য হল সার্বিক পরিবেশের সুরক্ষার লক্ষ্যে আন্দোলন গড়ে তোলা।

পরিবেশ কর্মী দীপকবাবু খাঁটুরা চণ্ডীতলা ঘাটে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে Hলুপ্তপ্রায় বিভিন্ন মাছের সাথে পরিচিতি ঘটান এবং চণ্ডীতলা ঘাটে কঙ্কনা বাওড়ে ছোট-ছোট মাছ (মীন) ছাড়া হয়। বক্তব্য রাখেন পরিবেশপ্রেমী ডঃ প্রতাপ কুমার মুখোপাধ্যায়।

মীন উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও প্রবন্ধ প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।দ্বিতীয় দিন সকালে গোবরডাঙার ঐতিহ্যবাহী রেনেসাঁস বিজ্ঞান সংস্থা থেকে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার পরিবেশপ্রেমী মানুষজনের এক বর্ণাঢ্য মিছিল চণ্ডীতলা ঘাট অভিমুখে যাত্রা করে।

পরিবেশ সচেতনতার আহ্বান জানিয়ে ছাত্র-ছাত্রী সহ বহু মানুষ এবং প্রীতিলতা বয়েজ স্কুলের এনসিসি ক্যাডেটরা মিছিলে পা মেলান। ফ্লেক্স, ফেস্টুন, লিফলেট ও স্লোগানে এদিনের পরিবেশ সচেতনতার মিছিল এলাকায় বেশ সাড়া ফেলে।

প্রবীণ শিক্ষক ও সমাজকর্মী কালিপদ সরকার, ডাঃ এন. সি. কর, সমাজসেবি মৃণাল কান্তি বিশ্বাস, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক বাসুদেব মুখোপাধ্যায়, হিমাদ্রী গোমস্তা, কবি ধীরাজ রায় প্রমুখ মিছিলে অংশগ্রহণ করেন। পরিবেশ ও সংস্কৃতিপ্রেমী বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজিত মীনমঙ্গল উৎসব সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *