নিজস্ব প্রতিবেদক, রানাঘাট : তাঁর কলমে প্রকৃতি পেয়েছিল প্রাণ, আর সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল সাহিত্যের অনন্য উপাখ্যান। সেই কালজয়ী কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে তাঁকে স্মরণ করল রানাঘাটের হিজুলী শিক্ষা নিকেতন।
বিদ্যালয়ে আয়োজিত স্মরণ অনুষ্ঠানের সূচনা করেন প্রধান শিক্ষক পরিতোষ কুমার বিশ্বাস। প্রধান বক্তা ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণের সাহিত্যকর্মের মানবিকতা, প্রকৃতিপ্রেম ও জীবনদর্শন নিয়ে আলোচনা করেন। তাঁর কথায় উঠে আসে এক বিশেষ স্মৃতিসূত্রও—তাঁর প্রপিতামহ, ‘অশ্রু’-র কবি ভোলানাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন বিভূতিভূষণের অন্যতম প্রিয় বন্ধু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজেও একাধিকবার রানাঘাট শহরে এসেছিলেন।

স্বরচিত কবিতা পাঠ করেন কবিতা প্রয়াসের সম্পাদিকা শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণের ছোটগল্পের নানা দিক তুলে ধরেন বিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ ঘোষ। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান কথাশিল্পীকে।
সাহিত্যচর্চা, স্মৃতিচারণ ও শ্রদ্ধার আবহে এদিন হিজুলী শিক্ষা নিকেতন হয়ে উঠেছিল বিভূতিভূষণ-স্মরণের এক আন্তরিক পরিসর। রানাঘাটের সঙ্গে তাঁর পুরনো যোগসূত্রও যেন ফিরে এল স্মৃতির পাতায়।






















Leave a Reply