নীরেশ ভৌমিক : ‘সেবা সংকল্প অভিযান- ২০২৬’-এর অন্তর্ভুক্ত ‘নমো সেবা-আনকহি কাহানিয়া’ কর্মসূচীকে সামনে রেখে সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে মনোজ্ঞ-সাংস্কৃতিক অনুষ্ঠান।

এরাজ্যেরও বিভিন্ন স্কুলে সঙ্গীত, নৃত্য ও নাটকের মাধ্যমে সেবা, মানবিকতা জনকল্যাণ এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বিভিন্ন দিক সহজ, প্রাণবন্ত ও আকর্ষণীয় ভাবে তুলে ধরা হচ্ছে।

গত ১ অক্টোবর গাইঘাটা পূর্ব চক্রের শিমুলপুর আনন্দপাড়া নরহরি হাইস্কুলে, স্থানীয় বর্ণমালা-নাট্য সংস্থার সহযোগিতায় ‘বিকশিত ভারতের গান’ শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের

শিক্ষার্থীগন সঙ্গীত, নৃত্য ও নাটক পরিবেশন করে।বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্রী অদিতী বারুই এর গাওয়া উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়।

বর্ণমালা নাট্য সংস্থার প্রাণপুরুষ বিশিষ্ট নাট্য পরিচালক ইন্দ্রনীল ঘোষের নির্দেশনায় বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রীগন দেশের স্বাধীনতার শতবর্ষকে সামনে রেখে উন্নত ভারত, সমৃদ্ধ ভারত গড়ে তোলার লক্ষ্যে ‘বিকশিত ভারতের গান’ ‘দেশের গান’ পরিবেশন করে।

শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে কবি দ্বিজেন্দ্র লাল রায়ের ‘ধন-ধান্য পুষ্প-ভরা-আমাদের এই বসুন্ধরা’ এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের- বন্দেমাতরম্ সংগীত এবং সেই সাথে মনোজ্ঞ নৃত্যের অনুষ্ঠান সমবেত সকলকে মুগ্ধ করে।

শিক্ষা ও সমাজ সচেতনতামূলক নাটকটিতে প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত, উজালা রান্নার গ্যাস এবং সেই সাথে রাজ্যের মহিলাদের কল্যাণে অন্নপূর্ণা যোজনা, বাল্য বিবাহ রোধ, বেকার সমস্যার সমাধান, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ ইত্যাদি বিষয়গুলি উঠে আসে।

এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, গাইঘাটা পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর বসু, স্থানীয় শিমুলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সোনালী মন্ডল,

উপ-প্রধান নিখিল বিশ্বাস, ইছাপুর-২ জিপির প্রধান তরুণ দেউড়ি, উত্তর শিমুলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব বিশ্বাস প্রমুখ।





















Leave a Reply