গাইঘাটার বকচরায় নীল আকাশ-এর আগমনী অনুষ্ঠানে বস্ত্রদান

নীরেশ ভৌমিক : বিগত বছরের মতো এবারও বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের প্রাক্কালে আগমনী উৎসবের এবং সেইসঙ্গে দুস্থদের বস্ত্রদান এবং এলাকার ছোট-ছোট ছাত্র-ছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে গাইঘাটার অন্যতম সমাজসেবি সংস্থা ‘নীল আকাশ’ এর সদস্য-সদস্যাগণ।

১১ অক্টোবর, রবিবার সকালে বকচরা বাজার পার্শ্বস্থ কাটাখালি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজিত আগমনী অনুষ্ঠানের সূচনা হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে সুসজ্জিত মঞ্চে সংস্থার সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলসরা গ্রাম পঞ্চায়েত প্রধান টুসি রায় সেন, বিশিষ্ট শিক্ষক সরোজ কান্তি চক্রবর্তী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বিশ্বরূপ সিংহ, অন্যতম উদ্যোক্তা ও সমাজকর্মী অশোক ঘোষ, শিক্ষিকা মানসী হালদার ও সাংবাদিক তপন মণ্ডল প্রমুখ।

‘নীল আকাশ’ এর সদস্যরা সকলকে পুষ্পস্তবক ও উত্তরীয় প্রদানে স্বাগত জানান। বিশিষ্ট ব্যক্তিরা তাদের বক্তব্যে ‘নীল আকাশ’-এর সদস্যদের বস্ত্রদান, খাদ্য দান সহ বিভিন্ন সেবামূলক কাজকর্মের ভূয়সী প্রসংশা করেন।

উদ্যোক্তারা এদিন উপস্থিত বিশিষ্টজনদের হাত দিয়ে দুস্থ মানুষজনের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান। অঙ্কন প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীদের পুরষ্কৃত করা হয়।

ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকার বহু শুভানুধ্যায়ী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ‘নীল আকাশ’ আয়োজিত এদিনের সমগ্র অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *