ঢাকুরিয়া সৌদামিনী পাঠশালার শিক্ষক অমরেন্দ্র নাথ মন্ডলের বিদায় সংবর্ধনা

নীরেশ ভৌমিক : দীর্ঘ প্রায় ২৮ বৎসরের শিক্ষকতা জীবন থেকে সম্প্রতি অবসরগ্রহন করেন গাইঘাটা পূর্ব চক্রের ঢাকুরিয়া সৌদামিনী-পাঠশালার সহ শিক্ষক অমরেন্দ্রনাথ মন্ডল।

গত ১২ অক্টোবর তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও স্নেহের ছাত্র-ছাত্রীরা অশ্রুসজল নয়নে ও নানা উপহারে তাঁদের প্রিয় শিক্ষক অমর স্যারকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেন।

এদিনের বিদায় অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর সহকর্মী অবসরপ্রাপ্ত শিক্ষক সঞ্জয় বিশ্বাস, প্রাক্তন সহকর্মী অরুণ বাকচি, সুরজিৎ ঘোষ স্থানীয় দীঘা সুকান্তপল্লী-স্কুলের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব স্বপন পাঠক সহ বিদায়ী শিক্ষকের স্ত্রী, কন্যা ও আত্মীয় পরিজন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাকলী ঘোষ আগত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পড়ুয়ারা সকল বিশিষ্টজনদের প্রস্ফুটিত লাল গোলাপে বরন করে নেয়।

ছাত্রী অরুণা মজুমদারের কণ্ঠে গাওয়া সংগীতের মধ্য দিয়ে আয়োজিত বিদায় অনুষ্ঠানের সূচনা হয়। অমরবাবু জানান ১৯৯৯ সালের জানুয়ারীতে বাগদা ব্লকের একটি স্কুলে তাঁর শিক্ষকতা জীবনের সূচনা হয়। পরে ২০১৫ সালে তিনি পাশের গ্রামের এই বিদ্যালয়ে বদলি হয়ে আসেন।

এই বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক-শিক্ষিকা ও স্নেহের শিক্ষার্থীদের ভালোবাসা তিনি কখনো ভুলবেন না, বলে জানান। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে ছাত্র দরদী শিক্ষক অমরবাবুর মধুর ব্যবহার এবং তাঁর সুন্দর হস্তাক্ষরের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর অবসর জীবনের সুখ-শান্তি ও সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধানা শ্রীমতী ঘোষের কন্ঠের আগমনী-সংগীত সমবেত সকলকে মুগ্ধ করে। পরিশেষে ছাত্র-ছাত্রীদের সমবেত কন্ঠে বন্দেমাতরম সংগীতের মধ্যদিয়ে, অমর স্যারের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *