পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বয়স যে নতুন করে জীবন শুরু করার পথে কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না, তারই যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতা ওমর আবদুল্লা। ৫৬ বছর বয়সে জীবনের দ্বিতীয় দাম্পত্য ইনিংস শুরু করলেন তিনি। বিশিষ্ট সাংবাদিক তথা প্রাক্তন টেলিভিশন সংবাদসঞ্চালিকা নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জম্মু-কাশ্মীরের এই রাজনৈতিক ব্যক্তিত্ব। শনিবার, ৩১ অক্টোবর, সমাজমাধ্যমে নবদম্পতির বিবাহের খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয় অভিনন্দন ও শুভেচ্ছাবার্তার বন্যা। শুক্রবারই তাঁদের বিবাহ সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ বিবাহ আইন (Special Marriage Act) অনুযায়ী তাঁদের এই বিবাহ সম্পন্ন হয়। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিজের এক্স (X) হ্যান্ডলে বিবাহের চারটি ছবি পোস্ট করে ওমর আবদুল্লা লিখেছেন, ‘গতকাল থেকে শুরু হল আমাদের নতুন যাত্রা।’ সেই পোস্টে তিনি নিধি রাজদানকে ট্যাগও করেছেন। অন্যদিকে, নিধিও একই ছবি পোস্ট করে লিখেছেন, ‘It’s done bro’। তাঁদের এই স্বতঃস্ফূর্ত ও সংক্ষিপ্ত বার্তাই মুহূর্তের মধ্যে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উল্লেখ্য, ১৯৯৪ সালে পায়েল আবদুল্লার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ওমর। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে। দীর্ঘদিন আলাদা থাকার পর চলতি বছরের জুলাই মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। অন্যদিকে, ৪৯ বছর বয়সি নিধি রাজদানেরও এটি দ্বিতীয় বিবাহ।ওমর আবদুল্লার বাবা তথা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা, মা মলি আবদুল্লা, তাঁর তিন বোন এবং পরিবারের অন্যান্য ঘনিষ্ঠ সদস্যদের পাশাপাশি নিধির বাবা বিশিষ্ট সাংবাদিক এম কে রাজদান ও মা সরলা রাজদানও এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে সংবাদসূত্রে জানা গিয়েছে।

রাজনীতির ব্যস্ত ও দায়িত্বপূর্ণ পরিসরের বাইরে ব্যক্তিগত জীবনে নতুন করে পথচলার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ওমর ও নিধির জীবনে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। জীবনের প্রতিটি পর্যায়েই যে নতুন করে স্বপ্ন দেখা, সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া এবং সুখের ঠিকানা খুঁজে নেওয়া সম্ভব, তাঁদের এই নতুন যাত্রা যেন সেই বার্তাই বহন করছে। নবদম্পতির আগামী জীবন সুখ, শান্তি, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে উঠুক—রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।। ( তথ্য ঋন :- ই.নেট)






















Leave a Reply