ভাদুড়ি মহাশয়ের সাধনপরম্পরা থেকে পান্নালালের শ্যামাসংগীত, শান্তিপুরে আজও ঐতিহ্যের আলোয় পূজিতা হন নারায়ণী দেবীর মা কালী

পারফেক্ট টাইম নিউজ, শান্তিপুর : ইতিহাস, আধ্যাত্মিকতা আর সংগীত পরতে পরতে জড়িয়ে আছে শান্তিপুরের বড়বাজার রথতলা পাড়ার নারায়ণী দেবীর কালীপুজোর সঙ্গে। কয়েক প্রজন্মের পারিবারিক ঐতিহ্যকে বুকে নিয়ে আজও নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে এই পুজো। এই আরাধনার সঙ্গে জড়িয়ে রয়েছে মহান যোগসাধক ভাদুড়ি মহাশয়, ভাদুড়ি মহাশয়ের মানসপুত্র ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজ, সিদ্ধ তন্ত্রসাধিকা বিল্ব মায়ের সাধনপরম্পরা এবং বাংলা সংগীতজগতের তিন বিশিষ্ট ব্যক্তিত্ব—সুরকার প্রফুল্ল ভট্টাচার্য, খ্যাতনামা সংগীতশিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য এবং কালজয়ী শ্যামাসংগীত শিল্পী পান্নালাল ভট্টাচার্যের পারিবারিক ইতিহাস।

“দ্য লেভিটেটিং সেইন্ট” নামে সারা পৃথিবীতে প্রণম্য ভাদুড়ি মহাশয় ছিলেন প্রতাপচন্দ্রের সহোদর। প্রতাপচন্দ্রের পুত্র সুরেন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন তৎকালীন সময়ের একজন বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতজ্ঞ ও দক্ষ এসরাজ বাদক। পারিবারিকভাবে ভাদুড়ি বংশের সন্তান হলেও বর্ধমান রাজপরিবারের কাছ থেকে প্রাপ্ত ‘ভট্টাচার্য’ উপাধিতেই সুরেন্দ্রনাথ পরিচিত হন। তাঁরই তিন পুত্র—প্রফুল্ল ভট্টাচার্য, ধনঞ্জয় ভট্টাচার্য ও পান্নালাল ভট্টাচার্য।

এই পুজোর প্রাচীন যোগসূত্র রয়েছে হাওড়ার পায়রাটুঙির জমিদার পরিবারের সঙ্গে। পরিবারটি জগদ্গুরু আদি শঙ্করাচার্যের পারিবারিক পরম্পরার ধারক। তাঁদের পারিবারিক পরিবেশে তন্ত্রসাধনা ও দেবী আরাধনার বিশেষ প্রচলন ছিল। জমিদারির বিভিন্ন দেবস্থানে নিয়মিত কালীর পুজো হতো। শুধু পারিবারিক পরিসরেই নয়, সাধারণ প্রজাদের মধ্যেও মাতৃসাধনার প্রসার ঘটাতে উদ্যোগী ছিলেন তাঁরা। এই উদ্দেশ্যে সাধনায় আগ্রহীদের আর্থিক সহায়তাও দেওয়া হতো।

পরিবারের সেই ধর্মীয় পরম্পরাই পরবর্তীকালে নতুন ঠিকানা খুঁজে পায় নদিয়ার শান্তিপুরে। ১৯৪০-৪১ সালে দেবীর স্বপ্নাদেশ পাওয়ার পর ভাদুড়ি বংশের তৎকালীন জমিদার যতীন্দ্রনাথ ভাদুড়ীর স্ত্রী সুখেন্দুবালা দেবী এই পুজোর সূচনা করেন। তিনি স্থানীয় মানুষের কাছে নারায়ণী দেবী নামেই পরিচিত ছিলেন। তাঁর হাত ধরেই শান্তিপুরের রথতলা পাড়ায় প্রতিষ্ঠা পায় এই পারিবারিক মাতৃআরাধনা।

পুজোর আচার-অনুষ্ঠানেও রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। প্রচলিত পশুবলির পরিবর্তে দেবীর উদ্দেশে নিবেদন করা হয় কুমড়ো, আখ, শসা ও কলা। চতুর্দশীযুক্ত অমাবস্যার সন্ধ্যায় বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পূজিতা হন মেঘবর্ণা দেবী। এখানে দেবী কালীর সঙ্গে পুজো পান দেবী লক্ষ্মীও। পরিবারের প্রথা অনুযায়ী, বংশের প্রবীণতম সদস্যের নামে সম্পন্ন হয় মূল সংকল্প। সেই সূত্রে বর্তমানে এই পুজোর সঙ্গে সরাসরি জড়িয়ে আছেন স্বর্ণকণ্ঠ শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের জ্যেষ্ঠ পুত্র শ্যামলাল ভট্টাচার্য। এই পুজোয় ভাদুড়ি মহাশয়ের উদ্দেশেও নিবেদিত হয় বিশেষ পুজো।

তবে এই আরাধনার অন্যতম আকর্ষণ সংগীতের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। দেবীর পূজামণ্ডপে আজও ধ্বনিত হয় পরিবারের দুই কৃতী সন্তান ধনঞ্জয় ভট্টাচার্য ও পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে গাওয়া শ্যামাসংগীত। তাঁদের ভক্তিমূলক গান যেন পরিবারের সংগীতঐতিহ্যকে নতুন করে ফিরিয়ে আনে মাতৃআরাধনার আবহে।

নারায়ণী দেবীকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ছড়িয়ে রয়েছে নানা অলৌকিক অভিজ্ঞতা ও লোককথা। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেইসব কাহিনি পুজোর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তবে পরিবারের কাছে এই আয়োজনের মূল তাৎপর্য কেবল ধর্মীয় অনুষ্ঠান পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে পূর্বপুরুষদের স্মৃতি, পারিবারিক সংহতি এবং সাংস্কৃতিক পরিচয়।

সুরকার প্রফুল্ল ভট্টাচার্যের দৌহিত্র, পুরাণ গবেষক ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, এই পুজো আসলে দীর্ঘদিনের ঐতিহ্য ও উত্তরাধিকার বহন করে চলেছে। এই পুজো উপলক্ষে ভাদুড়ি বংশের সঙ্গে সংযুক্ত আমরা সবাই একসাথে হই। মাতৃ আরাধনার প্রতিটি প্রহরের সঙ্গে এখানে সংযুক্ত থাকে আনন্দ, ভক্তি আর শ্রদ্ধার এক অলৌকিক পরিবেশ।

সময় বদলেছে, প্রজন্মের পরিবর্তন ঘটেছে, কিন্তু শান্তিপুরের নারায়ণী দেবীর আরাধনায় আজও অটুট রয়েছে সেই আদি পারিবারিক পরম্পরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *