“গাছ গোনা, গাছ চেনা—শিশুদের হাত ধরে সবুজ সচেতনতার পাঠ”

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : পরিবেশ সংরক্ষণের কথা আমরা অনেকেই বলি, কিন্তু প্রকৃতিকে চেনা, তার সম্পদকে গণনা করা এবং তার প্রতি দায়বদ্ধতা গড়ে তোলার উদ্যোগ সচরাচর চোখে পড়ে না। সেই ভাবনাকেই বাস্তব রূপ দিতে এক ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছিল উত্তর ২৪ পরগনার ‘তেপুল মির্জাপুর পরিবেশ সুরক্ষা সমিতি’।

গত ১৪ অক্টোবর গোবরডাঙ্গার মেদিয়া ছাত্রকল্যাণ সমিতি পরিচালিত ‘বিবেক বীথি শিশু শিক্ষা নিকেতন’-এর প্রায় ৭ বিঘা স্কুল ক্যাম্পাসজুড়ে অনুষ্ঠিত হয় ‘গাছ গোনা—গাছ চেনা’ কর্মসূচি।বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষিকারাও স্বতঃস্ফূর্তভাবে এই অভিনব উদ্যোগে শামিল হন। মোট চারটি দলে বিভক্ত হয়ে তাঁরা ক্যাম্পাসের প্রতিটি গাছ পর্যবেক্ষণ, শনাক্তকরণ ও গণনার কাজ সম্পন্ন করেন। গোটা কর্মসূচির পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট পরিবেশবিদ দীপক কুমার দাঁ এবং পরিবেশ সুরক্ষা সমিতির পরিবেশকর্মী মৃণাল বিশ্বাস।

এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে গত ২১ নভেম্বর আয়োজিত হয় শংসাপত্র প্রদান অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের হাত থেকে প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। অনুষ্ঠানের সূচনায় স্বাগত ভাষণ দিতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বর্ণালী দেবনাথ সকলকে আন্তরিক অভ্যর্থনা জানান। তিনি বলেন, এমন একটি ব্যতিক্রমী কর্মসূচি যে বিদ্যালয় প্রাঙ্গণে বাস্তবায়িত হতে পারে, তা তাঁরা আগে কখনও ভাবেননি। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষিকারাও অত্যন্ত উৎসাহ ও আগ্রহের সঙ্গে গাছ চেনা এবং গাছ গণনার কাজে অংশগ্রহণ করেছেন।

তাঁর কথায়, এই অভিজ্ঞতা সকলের কাছেই ছিল একেবারে নতুন ও আনন্দদায়ক। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয় প্রাঙ্গণে গাছের প্রজাতি ও সংখ্যা সংক্রান্ত তথ্যের আনুষ্ঠানিক প্রকাশ। সাংবাদিক আব্দুল অলিল এই পরিসংখ্যান প্রকাশ করে জানান, এই ধরনের উদ্যোগ সত্যিই ব্যতিক্রমী। তাঁর অভিজ্ঞতায় এমন কর্মসূচি আগে বিশেষ একটা চোখে পড়েনি। ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে আগামী দিনেও আরও বেশি করে এই ধরনের কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন।

পরিবেশবিদ দীপক কুমার দাঁ তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষার কাজে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, প্রকৃতিকে রক্ষা করতে হলে প্রথমেই প্রকৃতিকে জানতে ও বুঝতে হবে। ছোটদের মধ্যে পরিবেশপ্রেম ও গাছপালার প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছাত্রকল্যাণ সমিতির সম্পাদক নরেন্দ্রনাথ দাস জানান, বিদ্যালয় প্রাঙ্গণে মোট ৬৭ প্রজাতির ৪৬৮টি গাছের অস্তিত্ব মিলেছে। এত অল্প পরিসরের মধ্যে এত বৈচিত্র্যময় বৃক্ষসম্পদ রয়েছে, তা তাঁদের কল্পনারও বাইরে ছিল।

তিনি উপস্থিত সকলকে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে স্থানীয় পাড়ুই তরুণ সংঘ ও ক্ষুদিরাম সংঘের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি মেদিয়া জুনিয়র গার্লস স্কুলের ছাত্রীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বন্যপ্রাণী আলোকচিত্রী হীরক প্রামাণিক, সাংবাদিক বাসুদেব মুখোপাধ্যায়, পরিবেশকর্মী পরিমল কান্তি ঘোষ, তরুণ দাস, অমিত বৈদ্য, আশিস সন্ন্যাসী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন তপন দত্ত।

আসলে ‘গাছ গোনা—গাছ চেনা’ নিছক গাছের সংখ্যা নির্ধারণের কর্মসূচি নয়, বরং প্রকৃতিকে জানার মধ্য দিয়ে নতুন প্রজন্মের মনে পরিবেশ সংরক্ষণের বীজ বপনের এক অভিনব প্রয়াস। বিদ্যালয়ের আঙিনায় ৬৭ প্রজাতির ৪৬৮টি গাছের সন্ধান শুধু একটি পরিসংখ্যান নয়, এটি প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার এক ইতিবাচক বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *