পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : সীমান্তে শান্তি ও সম্প্রীতির পরিবেশ সুদৃঢ় করার পাশাপাশি যুবসমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ে তোলার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল বিএসএফের ৫৯ ব্যাটালিয়ন।

ব্যাটালিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রামের আওতায় ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, আয়োজিত হল ৫ কিলোমিটার দীর্ঘ এক আকর্ষণীয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

কাশিপুর পশ্চিমপাড়া শিশু শিক্ষা কেন্দ্র থেকে মধুপুর বিএসএফ ক্যাম্প পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় তৈরি হয় উৎসাহ ও উদ্দীপনার আবহ।

নেশামুক্ত যুবসমাজ গড়ার শপথ এবং সীমান্তবাসীর সঙ্গে নিরাপত্তারক্ষীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নিবিড় করে তোলার বার্তা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বনগাঁ ও হেলেঞ্চা কলেজের ছাত্রছাত্রী, হেলেঞ্চার বিটিএ অ্যান্ড এটিএস একাডেমি, রাডা অ্যাথলেটিক্সের শিক্ষার্থী এবং সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের তরুণ-তরুণীরা।

সব মিলিয়ে প্রায় ৭০ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।প্রতিযোগিতা শুরুর আগে অংশগ্রহণকারী ও আয়োজকদের হাতে টি-শার্ট, টুপি ও রিস্টব্যান্ড তুলে দেন বিএসএফের ৫৯ ব্যাটালিয়নের টু-আইসি জি. প্রসাদ, ডিসি অজয় আসুয়াল, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ভেঙ্কটেস ও অলোক ঝা, সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ পাল প্রমুখ।

তাঁদের উপস্থিতিতে প্রতিযোগীদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।প্রতিযোগিতা শেষে ছাত্র ও ছাত্রী—উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ট্রফি ও মেডেল দিয়ে সম্মানিত করা হয়।

ছাত্র বিভাগে প্রথম স্থান অধিকার করেন হেলেঞ্চা কলেজের ⁸ কীর্তনীয়া, দ্বিতীয় হন বনগাঁ কলেজের নির্ময় বিশ্বাস এবং তৃতীয় স্থান অর্জন করেন বনগাঁ কলেজের রাজিবুল মল্লিক।

ছাত্রী বিভাগে প্রথম স্থান অধিকার করেন রনঘাট অঞ্চল হাইস্কুলের অদিতি বিশ্বাস, দ্বিতীয় হন রাডার পায়েল মিস্ত্রি এবং তৃতীয় স্থান অর্জন করেন কাশিপুর গ্রামের কামনা সরকার।

এ দিনের প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল কচিকাঁচাদের অংশগ্রহণ। মাত্র অল্প বয়সেই পাঁচ কিলোমিটার দীর্ঘ পথ দৌড়ে সম্পূর্ণ করার অসাধারণ উৎসাহ ও মনোবলের স্বীকৃতিস্বরূপ পাঁচজন খুদে প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। তাঁদের মধ্যে সর্বকনিষ্ঠ আনিফ ইসলাম বিশ্বাস বিশেষভাবে নজর কাড়ে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএসএফের ৫৯ ব্যাটালিয়নের টু-আইসি জি. প্রসাদ, ডিসি অজয় আসুয়াল, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ভেঙ্কটেস ও অলোক ঝা, সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ পাল,

রনঘাট পঞ্চায়েত প্রধানের স্বামী সম্রাট মণ্ডল এবং পঞ্চায়েতের দুই সদস্য।উল্লেখ্য, এই ম্যারাথন কেবল একটি দৌড় প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর অন্তর্নিহিত তাৎপর্য ছিল আরও গভীর।

খেলাধুলার মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে নেশামুক্ত জীবনযাপনে উৎসাহিত করা, শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়ানো এবং সীমান্ত এলাকার সাধারণ মানুষের সঙ্গে বিএসএফের পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বলা যায়, পাঁচ কিলোমিটারের এই দৌড়ে প্রতিযোগীরা শুধু লক্ষ্যে পৌঁছানোর লড়াই করেননি, বরং তাঁদের পদক্ষেপে ছড়িয়ে দিয়েছেন সুস্থ সমাজ, শান্তিপূর্ণ সীমান্ত এবং সম্প্রীতির এক ইতিবাচক বার্তা।



















Leave a Reply