মানবিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত : বাগদায় নবসৃষ্টি ট্রাস্ট ও বনদপ্তরের যৌথ উদ্যোগে রক্ষা পেল বিলুপ্তপ্রায় ভাম বিড়াল

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকের সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের অধীন এক মানবিক ঘটনায় নতুন করে আলোর মুখ দেখাল সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতার অনন্য দৃষ্টান্ত। এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তারক চন্দ্র রায়ের বাড়িতে এক পুরাতন শৌচাগারের প্যানের মধ্যে ঢুকে পড়া একটি বিলুপ্তপ্রায় ও অসুস্থ ‘ভাম বিড়াল’ দীর্ঘক্ষণ আটকে পড়ে গুরুতর বিপদের সম্মুখীন হয়। ঘটনাটি প্রথম নজরে আসে ব্যবসায়ীর অফিস স্টাফ বিনয় বিশ্বাসের। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি তাৎক্ষণিকভাবে নবসৃষ্টি ট্রাস্টের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর বাবু সুজিত বিশ্বাসকে অবগত করেন। উল্লেখযোগ্য বিষয় হল, ঘটনার সময় সুজিত বাবু কর্মসূত্রে রাজ্যের বাইরে অবস্থান করলেও দায়িত্ববোধ ও মানবিকতার পরিচয় দিয়ে এক মুহূর্তও বিলম্ব না করে সংশ্লিষ্ট বনদপ্তরের আধিকারিকদের বিষয়টি জানান এবং দ্রুত রেসকিউয়ের জন্য অনুরোধ করেন। খবর পেয়ে পারমদন বিভূতি-ভূষণ অভয়ারণ্যের বনদপ্তরের কর্তব্যরত কর্মীরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় অসুস্থ ভাম বিড়ালটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। শারীরিক দুর্বলতা ও অসুস্থতার কথা মাথায় রেখে বনদপ্তরের সহায়তায় ভাম বিড়ালটির স্থায়ী ও যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়। পরবর্তীতে নবসৃষ্টি ট্রাস্টের চেয়ারম্যান সুজিত বিশ্বাস বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে তাঁদের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ভাম বিড়ালটির দ্রুত আরোগ্য লাভের জন্য নবসৃষ্টি ট্রাস্টের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এই সমগ্র ঘটনায় নবসৃষ্টি ট্রাস্ট ও বনদপ্তরের সমন্বিত উদ্যোগ একদিকে যেমন একটি বিরল ও বিলুপ্তপ্রায় প্রাণীর জীবন রক্ষা করল, তেমনি সমাজের প্রতি দায়িত্ব, প্রকৃতির প্রতি সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল, যা নিঃসন্দেহে বর্তমান সমাজের কাছে এক অনুপ্রেরণামূলক বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *