পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : তৃণমূলের হাতছাড়া সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত, প্রধান-উপপ্রধান পদে বিজেপির দখলবাগদা: উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন ঘটল।
দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পদে এবার দায়িত্ব গ্রহণ করলেন বিজেপি প্রার্থীরা। নতুন প্রধান নির্বাচিত হয়েছেন অনামিকা বিশ্বাস এবং উপপ্রধানের দায়িত্ব পেয়েছেন প্রদ্যুৎ মণ্ডল। জানা গিয়েছে, সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ৩০।
এর মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে ১৬টি এবং বিজেপির দখলে ১৪টি আসন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৎকালীন প্রধান শম্পা মণ্ডল ও উপপ্রধান সৌমেন ঘোষ তাঁদের পদ থেকে ইস্তফা দিলে গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।
প্রধান ও উপপ্রধানের পদ দীর্ঘদিন শূন্য থাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ ওঠে।এই পরিস্থিতিতে শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে এদিন প্রধান ও উপপ্রধান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও তৃণমূল কংগ্রেসের ১৬ জন সদস্য ভোটদান প্রক্রিয়ায় অংশ নেননি।
তাঁদের অনুপস্থিতিতেই পঞ্চায়েত আইন অনুযায়ী নির্বাচন সম্পন্ন হয় বলে জানিয়েছে বাগদা ব্লক প্রশাসন।নবনির্বাচিত প্রধান অনামিকা বিশ্বাস দায়িত্ব গ্রহণের পর বলেন, “এতদিন দল দেখে, রং দেখে কাজ হয়েছে। এবার আমরা রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে সঙ্গে নিয়ে মানুষের জন্য কাজ করতে চাই।
উন্নয়নই হবে আমাদের একমাত্র লক্ষ্য।”সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতে এই পরিবর্তনকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে গ্রামবাসীর প্রত্যাশা— উন্নয়নের গতি আরও বাড়বে এবং সাধারণ মানুষের পরিষেবা আরও স্বচ্ছ ও গতিশীল হবে।






















Leave a Reply