বসুন্ধরা দিবসের প্রাক্কালে মছলন্দপুরে অনুষ্ঠিত হল ইমন মাইম সেন্টারের অঙ্কন কর্মশালা

নীরেশ ভৌমিক : গত ২১এপ্রিল২০২৬ মছলন্দপুর ইমন মাইম সেন্টারের আয়োজনে পদাতিক মঞ্চে অনুষ্ঠিত হল একটি আলপনা ও সরা অঙ্কন কর্মশালা। ২২এপ্রিল বসুন্ধরা দিবস।

সেই উপলক্ষ্যে তার আগের দিন শুধুমাত্র মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হল এই কর্মশালায় আঠারোর্ধ নানান বয়সের মোট ২৯জন মহিলা অংশগ্রহণ করেন। চারা গাছে জল দিয়ে প্রকৃতি রক্ষার শপথ নিয়ে কর্মশালা শুরু হয়।

অংশগ্রহণকারী সকলে মাটির সরার ওপর রং ও তুলির টানে আলপনার মাধ্যমে নিজের মনের মাধুরী ফুটিয়ে তোলেন। প্রতিদিনের সাংসারিক জীবন থেকে কিছুটা বিরতি নিয়ে সৃজনশীল এই কর্মশালায় অংশগ্রহণ করে সকলেই তাদের আনন্দ ব্যক্ত করেন।

প্রশিক্ষণে ছিলেন মছলন্দপুর আর্ট একাডেমীর কর্ণধার বিশিষ্ট চিত্রশিল্পী কিশোর মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন ইমনের সভাপতি দোলা রায়, সম্পাদক জয়ন্ত সাহা ও গোবরডাঙ্গা নাবিক নাট্যমের পরিচালক জীবন অধিকারী।

জীবনবাবু বসুন্ধরা দিবস ও তাতে সকলের দায়িত্ব বিষয়ে আলোচনা করেন এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে কিছুটা হলেও বাঁচতে সকলকে অন্তত একটি করে বৃক্ষরোপণ করার আহ্বান জানান।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমনের পরিচালক ধীরাজ হাওলাদার। সকলের আন্তরিক অংশগ্রহণে বসুন্ধরা দিবস উপলক্ষে ইমন মাইম সেন্টারের এই ব্যতিক্রমী আয়োজন সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *