চাঁদপাড়ায় বিজেপি যুব মোর্চার রক্তদান শিবিরে রক্ত দিলেন ১০০জন

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : গ্রীষ্মকালীন রক্তের সংকট দূর করতে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মন্ডল-৩ এর বিজেপি যুব মোর্চার সদস্যগণ এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেন।

গত ৩১ মে চাঁদপাড়া বাসস্ট্যান্ড পার্শ্বস্থ বিধায়ক কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত রক্তদান শিবিরে দলের সদস্য, যুবক-যুবতীগণ স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতিও ছিল যথেষ্ট।

কলকাতার এন,আর,এস হাসপাতাল ব্লাড ব্যাংকের চিকিৎসক ও কর্মীগণ মোট ১০০ জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন।প্রথম রক্তদাতাকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন দলনেতা প্রবীর রায় উদ্যোক্তা ও রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শিবিরে আসেন স্থানীয় বিধায়ক স্বপন মজুমদার, দলনেতা প্রবীর রায়, বিনয় দাস, সঞ্জীব দাস, বিউটি ঢালী, তন্ময় বালা, শিক্ষক অপূর্বলাল মজুমদার, অভিজিৎ বিশ্বাস, এছাড়াও ছিলেন গাইঘাটা থানার ভারপ্রাপ্ত আইসি শুভাশিস দত্ত প্রমুখ।

গুনীজন সংবর্ধনায় উদ্যোক্তারা এদিন বিশিষ্ট সমাজসেবি নারায়ন মন্ডল, অধ্যক্ষ ডঃ চৈতন্য মন্ডল এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক প্রমুখকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন।

অনুষ্ঠান শুরুর প্রাক্কালে সাংস্কৃতিক কর্মী সঞ্জীব দাস ও তনয় সাহার পরিচালনায় রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম সঙ্গীতে অংশ নেন সঙ্গীত শিল্পী অনিন্দিতা সাহা ও সহ শিল্পীগন। কচি কাঁচাদের সঙ্গীত,নৃত্য,আবৃত্তি ও যোগাসনে নৃত্যের অনুষ্ঠান সমবেত সকলের প্রশংসা লাভ করে।বনগাঁ দক্ষিণের পুনর্নির্বাচিত বিধায়ক স্বপন মজুমদার তাঁর বক্তব্যে রক্তদানের মতো মহৎ দানের উদ্যোক্তা দলীয় যুব কর্মীদের উদ্যোগকে সাধুবাদ জানান। সেই সাথে বনগাঁ দক্ষিণের প্রানকেন্দ্র চাঁদপাড়া সহ পার্শ্ববর্তী এলাকার উন্নয়নে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা ব্যক্ত করেন। চাঁদপাড়াবাসী তাঁকে সবচেয়ে বেশি ভোটে (প্রায় ১০ হাজার) জয়ী করার জন্য তিনি চাঁদপাড়াবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বর্ষার আগে চালুন্দা ও চৈতা খাল সংস্কার, রাস্তাঘাটের সংস্কার, স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নয়ন, চাঁদপাড়াকে পৌরসভা করা সহ তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দেন।

পুলিশ আধিকারিক শুভাশিস বাবু বিজেপি যুবমোর্চার কর্মীদের রক্তদান কর্মসূচীকে স্বাগত জানান। রক্তদান উপলক্ষে উপস্থিত সকলের জন্য ছিল মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *