‘জাতীয় ক্রীড়া দিবস’ উপলক্ষে হেলেঞ্চা কলেজে বিশেষ কর্মসূচি, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের বিরল সুযোগ

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হবে জাতীয় ক্রীড়া দিবস। সেই উপলক্ষে এ বছর ‘Khelo India Samwad’-এর অধীনে আগামী ২৭ আগস্ট দেশব্যাপী এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। যুবসমাজকে ক্রীড়ার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করা, ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন এবং জাতি গঠনে যুবসমাজের ভূমিকা আরও শক্তিশালী করাই এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।

এই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সামনে রেখে গতকাল হেলেঞ্চা ড. বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে এক বিশেষ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাশ, বাগদা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সোমা ঠাকুর, হেলেঞ্চা কলেজ ও পার্শ্ববর্তী শহীদ নুরুল ইসলাম কলেজের NSS প্রোগ্রাম অফিসারসহ সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা। প্রেস মিটে জানানো হয়, ‘Yuva Connect’-এর মাধ্যমে দেশের যুবসমাজ, ক্রীড়াবিদ এবং জনপ্রতিনিধিদের একই মঞ্চে নিয়ে এসে তাঁদের মধ্যে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি করা হবে।

এই কর্মসূচির বিশেষ আকর্ষণ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রায় ১,৬০০টি স্থানে ৮ লক্ষেরও বেশি যুবকের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। এরপর স্থানীয় ক্রীড়াবিদ, জনপ্রতিনিধি ও যুবসমাজের মধ্যে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ মতবিনিময় পর্ব। মাত্র ১৫ মিনিটের ‘Yuva Samvaad’-এ উঠে আসবে গ্রামীণ ক্রীড়ার উন্নয়ন, ২০৩৬ সালের অলিম্পিককে সামনে রেখে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিতকরণ ও বিকাশ, যুব নেতৃত্ব, সুশাসনে যুবসমাজের অংশগ্রহণ এবং ‘Viksit Bharat’-এর লক্ষ্যে যুব ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়।আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, যুবকদের মতামত ও পরামর্শ QR Code-এর মাধ্যমে সংগ্রহ করা হবে।

পাশাপাশি তাঁদের জন্য VBYLD Quiz-এ অংশগ্রহণের সুযোগও থাকবে।প্রেস কনফারেন্সে বিশেষভাবে জানানো হয়, সমগ্র জেলার মধ্যে হেলেঞ্চা ড. বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ই একমাত্র প্রতিষ্ঠান, যেখান থেকে নির্ধারিত কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ, মতবিনিময় ও প্রশ্নোত্তরের সুযোগ পাওয়া যাবে। স্বাভাবিকভাবেই এই সুযোগকে ঘিরে কলেজের ছাত্রছাত্রী, NSS স্বেচ্ছাসেবক এবং এলাকার যুবসমাজের মধ্যে ইতিমধ্যেই যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।উল্লেখ্য, Ministry of Youth Affairs and Sports, Government of India-এর উদ্যোগে এবং NSS Unit, Dr. B.R. Ambedkar Satabarshiki Mahavidyalaya, North 24 Parganas ও My Bharat Kendra-এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে।

ক্রীড়া শুধু প্রতিযোগিতার মঞ্চ নয়—শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, ঐক্য ও দেশপ্রেমেরও অন্যতম শক্তিশালী শিক্ষাঙ্গন। সেই ক্রীড়াশক্তিকে যুবসমাজের সৃজনশীল শক্তির সঙ্গে যুক্ত করে আগামী দিনের ভারত গড়ার যে প্রত্যয় এই কর্মসূচির মধ্যে প্রতিফলিত হয়েছে, তা নিঃসন্দেহে জাতীয় ক্রীড়া দিবস উদযাপনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে। হেলেঞ্চা কলেজ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের এই বিরল সুযোগ তাই উত্তর ২৪ পরগনার ক্রীড়া ও যুবসমাজের কাছে এক বিশেষ গৌরবের মুহূর্ত হিসেবেই বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *