শিক্ষক দিবসে শিক্ষক সংবর্ধনা গাইঘাটার গাজনা কিশলয় একাডেমীতে

পারফেক্ট টাইম নিউজ : গত ৫ সেপ্টেম্বর স্বাধীন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এবং জাতীয় শিক্ষক ও মহান দার্শনিক ড. সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জন্মদিন (শিক্ষক দিবস) মর্যাদা সহকারে উদযাপন করে গোবরডাঙ্গা পার্শ্ববর্তী গাজনা কিশলয় তরুণতীর্থ পরিচালিত কিশলয় একাডেমীর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এদিনের শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সুকোমলমতি পড়ুয়াগন আদর্শ শিক্ষক ড. রাধাকৃষ্ণান এর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট লোকগায়ক দেবত্র বোস। বিদ্যালয়ের অন্যতম কর্ণধার ভাস্কর বসু ও প্রধান শিক্ষক প্রদীপ সাধু উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে দিনটির তাৎপর্য ব্যক্ত করেন।

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী তাপস রায়, সুজিত দে ও সাংবাদিক তপন মন্ডল প্রমুখ।বিদ্যালয়ের পক্ষ থেকে এদিন চাঁদপাড়ার চাকুরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক ও গাইঘাটা পূর্বচক্রের অন্যতম শিক্ষাবন্ধু মিলন কান্তি সাহাকে উত্তরীয়, পুষ্পস্তবক ও মানপত্র প্রদানে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

সংবর্ধিত শ্রী ভৌমিক ও মিলন বাবু জাতীয় শিক্ষক ও মহান দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবন-কর্ম ও আদর্শের উপর আলোকপাত করে মূল্যবান বক্তব্য রাখেন এবং সেই সঙ্গে কিশলয় একাডেমী কর্তৃপক্ষের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। বিদ্যালয়ের কচি-কাঁচা পড়ুয়ারা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে বিশিষ্ট শিক্ষাব্রতী ও দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি রাধাকৃষ্ণানকে শ্রদ্ধা জানায়।

শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষে স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণের হাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ অনুষ্ঠিত অন্যান্য প্রতিযোগিতার পুরষ্কার তুলে দিয়ে শুভেচ্ছা জানান। নানা অনুষ্ঠান ও অভিভাবক সহ বহু বিশিষ্টজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহনে কিশলয় একাডেমী আয়োজিত এদিনের শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *