নীরেশ ভৌমিক : আগমনীর আগমন বার্তা, আকাশে-বাতাসে, ভোরের শিউলি, আর শ্বেত শুভ্র কাশে। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব আসন্ন দুর্গাপূজোর প্রাক্কালে এবারও প্রাক-পূজা এক্সিবিশন-২০২৬ এর আয়োজন করেছে চাঁদপাড়ার ফিমেল পাওয়ার গ্রুপ।আয়োজিত প্রদর্শনী ও অনুষ্ঠান চলবে ২৮ সেপ্টেম্বর অবধি।

সংস্থার কর্ণধার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈশাখী বর বিশ্বাসের উদ্যোগে ও ব্যবস্থাপনায় চাঁদপাড়া রেজিস্ট্রি অফিস সংলগ্ন কাকলি অনুষ্ঠান গৃহে গত ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই প্রাক্ পূজা এক্সিবিশন।

উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকল বিশিষ্টজনদের স্বাগত জানান বৈশাখী দেবী। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গৌতম বিশ্বাস ও রাজীব বিশ্বাস সহ আরও অনেকে।

সুসজ্জিত কাকলি লজের প্রাক্ পূজা প্রদর্শনীতে রয়েছে চোখ ধাঁধানো শাড়ি, কুর্তি, ছোট-বড় সকলের মন জয় করা পোষাক, রয়েছে জুয়েলারি ও সাজ-গোজের নানান সামগ্রী। কেনাকাটার উপর রয়েছে ডিসকাউন্ট ও আকর্ষণীয় উপহার। এছাড়াও রয়েছে সেলফি জোন। বেজে চলেছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদাত্ত কন্ঠের চণ্ডীপাঠ।

প্রতিদিন রয়েছে অঙ্কন, নৃত্য সহ নানান-সাংস্কৃতিক প্রতিযোগিতা। সুরবানী সংস্থার সঙ্গীতানুষ্ঠান, পূরবী মেঘ-এর মনোজ্ঞ নৃত্যের অনুষ্ঠান। বিবাহিত মহিলাদের নৃত্য প্রতিযোগিতা ও অয়ন্তিকা সাহা ও রুমা পালের সেলফ মেকআপ ডেমো কে ঘিরে, সমবেত মহিলাদের মধ্যে রয়েছে বেশ উৎসাহ-উদ্দীপনা।

ফুচকা, মোমো সহ বিভিন্ন খাবারের স্টলে ছোট-বড় সকলের উপস্থিতি চোখে পড়ে। প্রতিদিন অপরাহ্ন থেকে বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে প্রদর্শনী ও মেলা বেশ জম-জমাট হয়ে উঠেছে।
























Leave a Reply