পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যখন উত্তেজনার পারদ চড়ছে, ঠিক সেই আবহেই বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। আরজিকর সংক্রান্ত ঘটনায় দায়িত্বে গাফিলতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে তিনজন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করল রাজ্য সরকার। সাসপেন্ড হওয়া আইপিএস অফিসারদের নাম— বিনীত কুমার গোয়েল, ইন্দিরা মুখার্জী ও অভিষেক গুপ্তা।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আরজিকর কাণ্ডের তদন্ত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক তদন্ত শেষে এই তিন অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপকে প্রশাসনিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, জনরোষ এবং ক্রমবর্ধমান চাপের মুখে রাজ্য সরকার এবার কঠোর অবস্থান গ্রহণ করল।উল্লেখ্য, আরজিকর কাণ্ডকে ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনার বিচার এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন মহল থেকে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল, নাগরিক সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন।

এই পরিস্থিতিতে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত প্রশাসনের ভিতরে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি জনমনে বার্তা দেওয়ার কৌশল বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।এদিকে, সাসপেনশন ঘোষণার পর প্রশাসনিক স্তরে নতুন করে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার হবে বলেই ইঙ্গিত মিলেছে। রাজ্য সরকার জানিয়েছে, আইন-শৃঙ্খলা ও তদন্তে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না।



















Leave a Reply