নীরেশ ভৌমিক : যথেষ্ট উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত ১০ জুন শিশু সংসদ নির্বাচন সম্পন্ন হল গাইঘাটা পূর্ব চক্রের সেকাটি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে।

প্রিসাইডিং অফিসার চতুর্থ শ্রেণির ছাত্রী সমৃদ্ধি বল্লভ এর নেতৃত্বে তিনজন পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সাজে পড়ুয়ারাই সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করে।

থার্ড পোলিং অফিসার সোহম ঘোষ ভোটারদের আঙুলে কালি লাগানোর দায়িত্ব পালন করে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারগন ভোট দেন। শান্তিশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনীর সাথে মহিলা পুলিশও কর্তব্য পালন করে।

ভোটদান কক্ষে ভোটিং কম্পার্টমেন্ট ও ব্যালট বক্স সকলের নজর কাড়ে। প্রিসাইডিং অফিসার সমৃদ্ধি জানান মোট ২০৮ জন ভোট দিয়েছে। ভোট শেষে সকলের উপস্থিতিতে ব্যালট বক্স সিল করা হয়।

প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সাগর ঘোষ, উদিতা দেবনাথ, দেবাশিস বিশ্বাস ও রুদ্রজিৎ হীরা। গণনায় দেখা যায়, চতুর্থ শ্রেণির পড়ুয়া সাগর ঘোষ সর্বোচ্চ ৮৩ টি ভোট পেয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইলারানী মণ্ডল বিজয়ী সাগরকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীসভা বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের সমস্যা মেটাতে তৎপর হবেন। তাদের অভাব-অভিযোগ বিদ্যালয় প্রধানের নিকট তুলে ধরবেন এবং বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে সহযোগিতা করবেন।

সর্বোপরি পঠন-পাঠন, খেলাধূলা সহ সমস্ত কাজে শিক্ষক মহাশয়দের আহ্বানে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। প্রধান শিক্ষিকা শ্রীমতি মন্ডল আরো জানান চলতি শিক্ষাবর্ষের শুরুতেই এই শিশুসংসদ গঠন করা হয়ে থাকে।

শ্রীমতি মন্ডল আরো জানান প্রতি বছর শিক্ষাবর্ষের শুরুতেই এই শিশু সংসদ গঠন করা হয়ে থাকে কিন্তু এবছরের শুরু থেকে শিক্ষক মহাশয়গন রাজ্য বিধানসভার নির্বাচন এর কাজে ব্যস্ত থাকায় এ বছর দেরিতে শিশুসংসদ নির্বাচন করা হল।

ছাত্রসংসদ নির্বাচনকে ঘিরে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।বাইরে অপেক্ষারত অভিভাবকগণ ও এদিনের নির্বাচন প্রক্রিয়া বেশ উপভোগ করেন।






















Leave a Reply