পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : দুশ্চিন্তার পরিস্থিতি কাটিয়ে ফের চাঙ্গা পাটের বাজার। কুইন্টাল প্রতি পাটের দাম আবারও ১৩ হাজার টাকার ঘরে পৌঁছতেই স্বস্তি ফিরেছে পাট চাষিদের মধ্যে। প্রশাসনের নজরদারি ও বাজারে প্রয়োজনীয় পদক্ষেপের পর পাটের দামে এই ঊর্ধ্বগতি বলে জানা যাচ্ছে।

চলতি মরশুমের শুরু থেকেই পাটের বাজারে ভালো দর পাচ্ছিলেন কৃষকরা। প্রথম দিকে প্রতি কুইন্টাল পাটের দাম ছিল প্রায় ১২ থেকে ১৩ হাজার টাকা। কিন্তু আচমকাই সেই দাম কমতে কমতে ১০ হাজার টাকার নিচে নেমে যাওয়ায় বিপাকে পড়েন চাষিরা।

পাট চাষে বীজ, সার ও অন্যান্য উপকরণের খরচের পাশাপাশি রয়েছে শ্রমিকের মজুরি। এছাড়াও পাট পচানো, আঁশ ছাড়ানো ও শুকানোর মতো একাধিক ধাপেও যথেষ্ট খরচ হয়। ফলে বাজারদর আচমকা কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলে লাভের মুখ দেখা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

এই পরিস্থিতিতে পাটের বাজারে দামের অস্বাভাবিক ওঠানামা নিয়ে প্রশাসনের নজরদারি বাড়ে। কম দামে পাট কেনার চেষ্টা নিয়ে ব্যবসায়ী মহলের একাংশের বিরুদ্ধে অভিযোগও ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা শুরু হয় এবং নেওয়া হয় প্রয়োজনীয় পদক্ষেপ।

এরপরই ফের পাটের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় স্বস্তি পেয়েছেন চাষিরা। কুইন্টাল প্রতি দর ১৩ হাজার টাকার কাছাকাছি পৌঁছনোয় অনেকটাই আশ্বস্ত তাঁরা। পাটের বাজারের এই ইতিবাচক পরিস্থিতি আগামী দিনেও বজায় থাকবে—এমনটাই এখন আশা করছেন কৃষকরা।

























Leave a Reply